নেত্রকোনায় ট্রান্সফরমার চুরির সময় যুবক গ্রেফতার, পিকআপ জব্দ

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৫:৫৬:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৫:৫৬:৩৬ অপরাহ্ন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিদ্যুতের খুঁটি থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় মো. কাউসার (১৯) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হলেও তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যান। রোববার (২৮ জুন) গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

পুলিশ জানায়, গ্রেফতার কাউসার ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরখরিচা গ্রামের বাসিন্দা এবং আলিফ লামের ছেলে।
 

পূর্বধলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর এলাকায় আছির উদ্দিনের বাড়ির পাশের বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার খুলে পিকআপে তোলার সময় অভিযান চালানো হয়। এ সময় কাউসারকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও তাঁর সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন পালিয়ে যেতে সক্ষম হন।
 

ঘটনার পর পূর্বধলা উপজেলা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।
 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]