মহাখালী ক্যানসার হাসপাতাল থেকে বের হয়ে নিখোঁজ রোগী, ৮ দিনেও মেলেনি সন্ধান

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৫:৫২:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৫:৫২:৩৪ অপরাহ্ন

রাজধানীর মহাখালী ক্যানসার গবেষণা ইনস্টিটিউট থেকে বের হওয়ার পর পারভেজ হোসেন (৪০) নামে এক ক্যানসার আক্রান্ত ব্যক্তি আট দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, গত ২০ জুন হাসপাতাল থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
 

নিখোঁজ পারভেজ হোসেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের বাসিন্দা। তিনি সাহাব উদ্দিনের ছেলে এবং পেশায় কৃষক। পরিবারের সদস্যরা জানান, ২১ জুন তাঁর মামা শহীদুল্লাহ আহম্মদ বনানী থানায় এ বিষয়ে একটি জিডি দায়ের করেন।
 

শহীদুল্লাহ আহম্মদের ভাষ্য অনুযায়ী, ১১ জুন চিকিৎসার জন্য পারভেজকে মহাখালী ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ২০ জুন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সময় তিনি পারভেজকে নিচে রেখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওপরের তলায় যান। কিছুক্ষণ পর ফিরে এসে তাঁকে আর খুঁজে পাননি।
 

পরিবারের সদস্যরা জানান, গলায় ক্যানসার হওয়ার কারণে পারভেজ কথা বলতে পারেন না। নিখোঁজ হওয়ার পর হাসপাতাল এলাকায় কয়েক দিন খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
 

এদিকে, জিডির তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিবারের দাবি, পুলিশ তাদের জানিয়েছে যে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
 

পরিবারের পক্ষ থেকে পারভেজ হোসেনের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]