চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০৯:৪৭:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০৯:৪৮:৫১ অপরাহ্ন

চীনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, স্থানীয় সময় সকালে অনুষ্ঠিতব্য এ বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এ আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।
 

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কৌশলগত সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সম্পর্ক আগামী দিনে আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

চার দিনের সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একাধিক উপদেষ্টাসহ মোট ২৪ সদস্যের প্রতিনিধিদল রয়েছে।
 

এর আগে গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী। পরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি বৈঠকে অংশ নিতে চীনের দালিয়ানে যান তিনি। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বুধবার বেইজিং পৌঁছান।
 

সফরের শেষ দিনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শনের কর্মসূচি রয়েছে। সফর শেষে শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]