এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইসিএপিপির ৪৫তম স্থায়ী কমিটির সভায় অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেছে। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিতব্য এ বৈঠকে আঞ্চলিক সহযোগিতা ও রাজনৈতিক সংলাপের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।
বুধবার (২৪ জুন) রাত প্রায় পৌনে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি যাত্রা করে। দলে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
দলীয় সূত্রে জানা গেছে, এই সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, রাজনৈতিক সংলাপ জোরদার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং পারস্পরিক বোঝাপড়া উন্নয়ন।
আইসিএপিপি ২০০০ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক ফোরাম, যেখানে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করে।
উল্লেখ্য, অতীতে বিএনপির পক্ষ থেকে এই ফোরামের স্থায়ী কমিটিতে প্রতিনিধিত্ব করেছেন প্রয়াত আব্দুল্লাহ আল নোমান (২০০৪-২০০৫) এবং জহির উদ্দিন স্বপন (২০০৬-২০০৯), যা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে দলটির সম্পৃক্ততার ধারাবাহিকতা নির্দেশ করে।