নতুন ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’ যুক্ত, বছরে দুটি যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ কিমের

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ১১:৫৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ১১:৫৮:১৭ অপরাহ্ন

উত্তর কোরিয়ার নৌবহরে নতুন যুদ্ধজাহাজ ‘চোয়ে হিয়ন’ যুক্ত হয়েছে, এবং দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন প্রতি বছর অন্তত দুটি যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন। নৌবাহিনীকে দ্রুত আধুনিক ও শক্তিশালী বাহিনীতে রূপান্তরের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, নাম্ফো বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন বহুমুখী ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’-এর কমিশনিং উদযাপন করেন কিম জং উন। প্রায় ১৪ মাস ধরে বিভিন্ন সামরিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর জাহাজটি আনুষ্ঠানিকভাবে নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়।
 

অনুষ্ঠানে বক্তব্যে কিম বলেন, উত্তর কোরিয়ার নৌবাহিনীকে দ্রুত আধুনিকায়ন করে একটি শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত করা প্রয়োজন। এ লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য প্রতি বছর কমপক্ষে দুটি ৫ হাজার টন ওজনের যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দেন তিনি।
 

এছাড়া শিগগিরই ‘কাং কোন’ নামের আরও একটি ডেস্ট্রয়ার মোতায়েনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন কিম। একই সঙ্গে ১০ হাজার টন ওজনের কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
 

কিম জং উন স্বীকার করেন, উত্তর কোরিয়ার সামরিক শক্তির তুলনায় নৌবাহিনী এখনো তুলনামূলক দুর্বল অংশ হিসেবে বিবেচিত। তবে ভবিষ্যতে এই বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং তা বর্তমান ধারণার চেয়েও অনেক এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

তিনি আরও বলেন, আধুনিক নৌঘাঁটি নির্মাণ এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এ বিষয়ে শাসক দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নতুন নৌঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]