রাজধানীর জুরাইন ও শ্যামপুর এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয় এবং দখল করে ব্যবসা পরিচালনার দায়ে অর্থদণ্ডও আদায় করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসি সূত্রে জানা যায়, জুরাইন ও শ্যামপুর এলাকার সড়কের দুই পাশের ফুটপাত এবং রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট ও বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। এর ফলে পথচারী ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়।
অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে সাতটি মামলার মাধ্যমে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
সিটি করপোরেশন জানিয়েছে, নগরবাসীর চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন অবৈধ দখল, ফুটপাত দখল এবং সড়কে প্রতিবন্ধকতা তৈরির বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।