আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন

আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৯:০৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৯:০৬:৪৩ অপরাহ্ন

সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের জন্য সেনাসদস্যরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবেন।
 

সোমবার (২২ জুন) বিকেলে সেনাবাহিনীর একটি দল ফরিদপুর শহরে পৌঁছে দায়িত্ব পালন শুরু করে।
 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের ১২৫ জন সেনাসদস্য ফরিদপুরে মোতায়েন করা হয়েছে। তারা মাঠপর্যায়ে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।
 

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ২৩ জুনকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ফরিদপুরেও সেনা সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
 

ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
 

তিনি জানান, সরকারি নির্দেশনার আওতায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের অংশ হিসেবে এক সপ্তাহের জন্য পাঁচ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই সময়ে তারা বেসামরিক প্রশাসন, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
 

প্রশাসনের মতে, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]