রাজধানীর মিরপুরের শাহআলী এলাকা থেকে চুরি হওয়া একটি টয়োটা প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জলিল মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) রংপুর মহানগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই গাড়িটি উদ্ধার এবং অভিযুক্তকে আটক করা হয় বলে জানিয়েছে শাহআলী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে শাহআলীর ব্লক-জি এলাকার সুরমা ভবনের নিচতলার গ্যারেজ থেকে রুহুল আমিন সবুজের মালিকানাধীন একটি টয়োটা প্রাইভেটকার চুরি হয়। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহআলী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে অভিযান চালিয়ে রংপুর থেকে চুরি হওয়া গাড়িটি উদ্ধার করা হয় এবং জলিল মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেফতার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।