নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন করেছে গুগল, যেখানে ‘বাবল’ নামের একটি ফিচারের মাধ্যমে স্মার্টফোনে মাল্টিটাস্কিং ব্যবস্থাকে আরও উন্নত করা হয়েছে। প্রাথমিকভাবে পিক্সেল ডিভাইসে চালু হলেও, চলতি বছরের মধ্যেই এটি অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও পৌঁছাবে বলে জানা গেছে।
গুগলের তথ্যমতে, ‘বাবল’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো অ্যাপকে ছোট ভাসমান উইন্ডো আকারে স্ক্রিনে রেখে একাধিক কাজ একসঙ্গে করতে পারবেন। এই উইন্ডোগুলো সহজে সরানো, আকার পরিবর্তন করা এবং প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নেওয়া যাবে। বিশেষ করে বড় স্ক্রিন ও ফোল্ডেবল ডিভাইসে এটি একটি আলাদা বারে ডক করা থাকবে, যা ব্যবহারকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করবে।
এই ফিচারটি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলতে পারে। যেমন—ম্যাপ ব্যবহার করার সময় অন্য অ্যাপ চালানো, কল চলাকালে নোট নেওয়া বা মেসেজিং অ্যাপ খোলা রেখেই অন্য কাজ করা সম্ভব হবে।
এছাড়া নতুন সংস্করণে নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উন্নয়ন আনা হয়েছে। ব্যবহারকারীরা এখন কোনো অ্যাপকে স্থায়ীভাবে অনুমতি না দিয়ে একবারের জন্য লোকেশন অ্যাক্সেস দিতে পারবেন। একইভাবে পুরো কনট্যাক্ট লিস্ট শেয়ার না করে নির্দিষ্ট কনট্যাক্ট নির্বাচনের সুবিধাও যুক্ত হয়েছে।
হারানো ফোন সুরক্ষায় ‘লস্ট মোড’-এ বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে, ফলে শুধু পিন জানা থাকলেই ডিভাইসে প্রবেশ সম্ভব হবে না। পাশাপাশি সন্দেহজনক অ্যাপ ও অনলাইন প্রতারণা শনাক্তে লাইভ থ্রেট ডিটেকশন আরও শক্তিশালী করা হয়েছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ভুল পিন একাধিকবার প্রবেশের ক্ষেত্রে অপেক্ষার সময় বাড়ানো হয়েছে, যা অননুমোদিত প্রবেশ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।