ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ছয় বছর বয়সী শিশু সিনথিয়া রহমান হুমাইরার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত দশটার দিকে জালকুড়ি আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুটির বাবা-মাসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকামুখী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়, এতে এর ভেতরে থাকা শিশু হুমাইরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। নিহত শিশুটি মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার মো. আশিকুর রহমান শামীমের মেয়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, তবে ঘটনার পরপরই গাড়িচালক পালিয়ে যান।