চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার নাপিতবাড়ি খাল দূষণ ও ভরাটের অভিযোগে তিনটি রাইস মিলের মালিককে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা আরোপ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
পরিবেশ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, তদন্তে দেখা যায় যে কয়েকটি রাইস মিল থেকে ধানের তুষ, ছাই এবং ধান সিদ্ধের পর ব্যবহৃত গরম পানি খালে ফেলা হচ্ছিল। এতে খালের পানি দূষিত হওয়ার পাশাপাশি খালের স্বাভাবিক প্রবাহও ব্যাহত হচ্ছিল।
অভিযানে ময়নামতি অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা, বাবা অটো রাইস মিলকে ৬০ হাজার টাকা এবং আজমিরি অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৬০ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদফতরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া প্রসিকিউশন উপস্থাপন করেন। এ সময় পরিবেশ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট রাইস মিল কর্তৃপক্ষকে খালে ফেলা ধানের তুষ ও ছাই দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদফতর জানিয়েছে, জলাশয় ও পরিবেশ রক্ষায় এ ধরনের তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।