ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর, শোকে স্তব্ধ পরিবার

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৯:১৫:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৯:১৫:০৩ অপরাহ্ন

ফেনীর ফুলগাজী উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর পূর্বপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন ছিল বলে জানিয়েছে পরিবার।
 

নিহতরা হলো বসন্তপুর পূর্বপাড়ার বাসিন্দা মো. শহীদের মেয়ে নাদিয়া আক্তার (১০) এবং ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে আবির হোসেন (৭)।
 

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশের খোলা জায়গায় খেলাধুলা করছিল নাদিয়া ও আবির। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
 

নিহত নাদিয়ার বাবা মো. শহীদ জানান, তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে ছিল। নাদিয়া স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মেয়ের আকস্মিক মৃত্যুতে পরিবার গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছে।
 

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিছুর রহমান বলেন, বজ্রাঘাতে আক্রান্ত দুই শিশুকে হাসপাতালে আনা হলেও তাদের হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছিল।
 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর বিষয়ে পুলিশ অবগত রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন।
 

বর্ষাকালে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় আবহাওয়া খারাপ থাকলে খোলা মাঠ, উন্মুক্ত স্থান ও গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দিয়ে আসছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]