বেনজীরকে দেশে ফেরাতে নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ৩০ দিনে প্রত্যর্পণ আবেদনের প্রস্তুতি

আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০১:০২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০১:০২:৪৯ অপরাহ্ন
 

দুবাইয়ে গ্রেফতারের পর সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার (১৬ জুন) তার বিরুদ্ধে মামলাসংক্রান্ত সব প্রয়োজনীয় নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে দুদক সূত্র জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেফতারের ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জমা দিতে হবে।
 

দুদক সূত্রে জানা যায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলার মধ্যে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি দুদকের তদন্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম আদালতে আবেদন করলে তার ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে ১২ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরে আবেদন করে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানানো হয়।
 

পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বিষয়টি ইন্টারপোলে পাঠালে যাচাই-বাছাই শেষে ২০২৫ সালের ১৬ এপ্রিল রেড নোটিশ জারি হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ডেটাবেজে তার তথ্য অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের নজরে আসেন তিনি।
 

দুদক জানিয়েছে, এখন তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]