চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (১৫ জুন) রাতে বিজিবি ও স্থানীয়দের তাৎক্ষণিক প্রতিরোধে ওই নারীকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা মাছ ধরা জেলেদের সহায়তায় নৌকাযোগে সীমান্ত পিলার ২২৫/৩-আর এর পাশ দিয়ে ওই নারীকে পুশইনের অপচেষ্টা চালায়। বিজিবি ও স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নিয়ে পুশইন প্রতিহত করে এবং ওই নারীকে পুশব্যাক করা হয়। তিনি সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন বলে জানান তিনি।
উল্লেখ্য, এর মাত্র দুই দিন আগে ১৩ জুন ভোরেও একই সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। সেবারও বিজিবির প্রতিরোধে ব্যর্থ হয়ে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল বিএসএফ। স্বল্প সময়ের ব্যবধানে একই সীমান্তে বারবার পুশইনের চেষ্টা সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।