চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি জোরদার

আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:০০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:০০:৫৭ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও একজন নারীকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
 

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৫ জুন) রাত ১১টার দিকে নওগাঁ ১৬ বিজিবির রোকনপুর বিওপির আওতাধীন ২২৫/৩-আর সীমান্ত পিলার এলাকায় ঘটনাটি ঘটে। বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আরকে ওয়াদা ক্যাম্পের সদস্যরা একটি নৌকার মাধ্যমে ওই নারীকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই নারীকে আটকে দেন এবং বিজিবিকে খবর দেন। পরে বিজিবি টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নারীটিকে শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।
 

সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। গত ১১ দিনে তিন দফায় মোট ৪৪ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। প্রতিটি ক্ষেত্রেই বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বিএসএফকে পিছু হটতে হয়েছে।
 

এ ধরনের ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করেছে বিজিবি। প্রায় ১৮৪ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে টহল বৃদ্ধি, অতিরিক্ত জনবল মোতায়েন এবং সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাবাসীরাও সক্রিয়ভাবে নজরদারিতে অংশ নিচ্ছেন।
 

অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। নদীপথে নৌকা টহল, স্থলপথে বাইনোকুলার পর্যবেক্ষণ এবং ড্রোন ও নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। স্থানীয়দের মতে, সীমান্তের কিছু অংশে কাঁটাতারের অভাব থাকায় এসব এলাকা ব্যবহার করে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে।
 

এর আগে ১৩ জুন দিবাগত রাতে একই সীমান্ত দিয়ে ১৫ জন নারী-পুরুষ ও শিশুকে নৌপথে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে কয়েক ঘণ্টা পর বিএসএফ তাদের আবার ভারতের ভেতরে ফিরিয়ে নেয়। এছাড়া ৪ জুন বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে আরও ২৮ জনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা হলে, তারা কয়েকদিন শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হয় এবং পরে তাদেরও ফিরিয়ে নেওয়া হয়।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]