সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫ হাজারের বেশি পরিবারকে ২১৩ কোটি টাকার অনুদান

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৯:০৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৯:০৫:১২ অপরাহ্ন

দেশে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পাঁচ হাজারের বেশি পরিবারকে গত তিন বছরেরও বেশি সময়ে ২১৩ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দিয়েছে সরকার। নিহত ও আহতদের পরিবারকে এই অনুদান প্রদান করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
 

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় সেশনের সপ্তম কার্যদিবসে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের উত্তরে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
 

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি সহায়তা কর্মসূচির আওতায় সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার। এ পর্যন্ত ৩ হাজার ৮৮১ জন নিহতের স্বজনদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
 

এছাড়া বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত ৮২৯ জন এবং গুরুতর আহত আরও ৩৭৪ জন ব্যক্তি সরকারের কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পেয়েছেন। সব মিলিয়ে পাঁচ হাজারের বেশি ব্যক্তি ও পরিবার এই সহায়তার আওতায় এসেছে।
 

মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট লাঘব এবং পুনর্বাসনে সহায়তা করতেই এই অনুদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য সরকার বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
 

সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা কমিয়ে আনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংসদে জানানো হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]