চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০১:৩৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০১:৩৪:২৭ অপরাহ্ন
 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় টানা চার দিন আটকে থাকার পর অবশেষে ওই ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (১৫ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে নেওয়া হয়।
 

কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তের ১৫০ এর ৩এস পিলারের কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফের পক্ষে রানীনগর বিএসএফ ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব। সংক্ষিপ্ত আলোচনার পর বিএসএফ ১২ জনকে ফিরিয়ে নিতে সম্মত হয়।
 

প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশুকে উপজেলার চকবিলগাথুয়া সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশি ভূখণ্ডে ঢুকিয়ে দেয় বিএসএফ। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানালে বিজিবি ও জনতা মিলে তাদের পুশব্যাক করে। এরপর থেকে ওই ১২ জন মানবেতর পরিস্থিতিতে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। এর আগে গত শনিবার এক পতাকা বৈঠকে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছিল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]