ড্রোন হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু, সরকারের সহায়তা চায় পরিবার

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৯:০১:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৯:০১:৪৯ পূর্বাহ্ন

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। নিহত যুবকের নাম মাফল। তিনি উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বাসিন্দা এবং বানু মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক মাস ১২ দিন আগে জীবিকার উদ্দেশ্যে রাশিয়ায় যান মাফল। তবে গত ২৯ মে থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। দীর্ঘদিন খোঁজ না পাওয়ার পর রোববার (১৪ জুন) স্বজনরা তার মৃত্যুর খবর জানতে পারেন।

স্বজনদের দাবি, রাশিয়ায় ড্রোন হামলার শিকার হয়ে নিহত হয়েছেন মাফল। তারা আরও জানান, বিদেশে যাওয়ার পর একাধিকবার ফোনে মাফল জানিয়েছিলেন যে, তাকে যে কাজের আশ্বাস দিয়ে নেওয়া হয়েছিল, বাস্তবে সেই কাজ দেওয়া হয়নি। বরং তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে।

নিহতের চাচা আনিস অভিযোগ করে বলেন, একটি এজেন্সির মাধ্যমে রাজমিস্ত্রির কাজের কথা বলে মাফলকে রাশিয়ায় পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এবং পরে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। সেখানেই ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

মাফলের ভাই আশরাফুল ইসলাম বলেন, জীবিকার আশায় বিদেশে গিয়েছিল তার ভাই। এখন পরিবারের একমাত্র দাবি, সরকারের সহযোগিতায় যেন দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।

একই দাবি জানিয়েছেন নিহতের বোন আছিয়াও। তিনি বলেন, তার ভাইসহ প্রায় ৩০ জন বাংলাদেশি একসঙ্গে রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর তাদের আর্মি ক্যাম্পে পাঠানো হয়। মাফল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি।

এদিকে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়ে বলেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]