রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখানে চিকিৎসাধীন বা রেফার করা রোগীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকার ছয়টি সরকারি হাসপাতালে দ্রুত ও যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, আগের দিন (১১ জুন) জারি করা স্মারকের ভিত্তিতে আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এর ফলে সেখান থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, রেফার করা রোগীদের চিকিৎসা যেন বিলম্বিত না হয় এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সেবা প্রদান করা হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
এই নির্দেশনার আওতায় যেসব হাসপাতালে রোগীদের পাঠানো হবে সেগুলো হলো—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।
স্বাস্থ্য অধিদফতরের এই পদক্ষেপকে রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর একটি জরুরি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।