টানা চতুর্থ দফায় কমলো রুপার দাম, ভরিতে কমেছে আরও ৫৮ টাকা

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১২:০৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১২:০৬:৪৩ অপরাহ্ন

দেশের বাজারে আবারও কমেছে রুপার দাম। টানা চতুর্থ দফায় মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম আরও ৫৮ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি রুপা বা পিওর সিলভারের দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।

সর্বশেষ মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৪১ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৯৭৪ টাকায়।

এর আগে ১০ জুনও রুপার দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট রুপার ভরি প্রতি ৩৫০ টাকা কমিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ৮৯৯ টাকা। সেই সঙ্গে ২১ ক্যারেট রুপার দাম ছিল ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ছিল ৩ হাজার ৩৩ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪৪ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে। তবে সবশেষ ১০ দফা সমন্বয়ের মধ্যে ৭ বারই দাম কমানো হয়েছে। আর টানা চার দফায় মোট কমেছে ৯৩৩ টাকা।

অন্যদিকে স্বর্ণের দামেও বড় ধরনের পতন দেখা গেছে। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়, যা আগের তুলনায় ৪ হাজার ৪৩২ টাকা কম। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]