শক্তিশালী হচ্ছে বর্ষা, ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ও ১ নম্বর সংকেত

আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০২:৫২:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০২:৫২:১৭ অপরাহ্ন
দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। এরইমধ্যে এই মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আগামী ৩-৪ দিনের মধ্যে তা সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যার মধ্যে দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়– রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) এরইমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে তা সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এর ফলে আগামী ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তবে বর্ষার এই আবহের মধ্যেই দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই মৃদু তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]