দেশজুড়ে বৃষ্টি বাড়ার পূর্বাভাস, ৫ জেলায় অব্যাহত তাপপ্রবাহ

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৯:১০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৯:১০:০১ অপরাহ্ন

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দেশের পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।
 

সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সারাদেশে বিস্তার লাভের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
 

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
 

এদিকে রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসতে পারে।
 

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিনই দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
 

আবহাওয়া অধিদফতরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। ফলে গরমের তীব্রতা কিছুটা কমলেও বজ্রপাত ও ভারী বৃষ্টির কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 
 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]