সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) সকালে ঘাঁটিটিতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির পরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এর কিছুক্ষণ পরই সৌদি সিভিল ডিফেন্স জানায়, আল-খারজ অঞ্চলের বিপদ কেটে গেছে। প্রাথমিকভাবে ঠিক কী ধরনের হুমকি তৈরি হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি প্রশাসন।
আন্তর্জাতিক মহলে এই হামলার জন্য ইরানের দিকে আঙুল উঠলেও তেহরান অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সরকারি বার্তাসংস্থা আইআরআইবিকে দেওয়া বক্তব্যে ইরানের এক সামরিক কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, সৌদি আরবের আল-খারজ ঘাঁটিতে ইরান কোনো হামলা চালায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পটভূমিতে এই ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। একই দিন ইরান ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।