গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি পণ্যবাহী ড্রামট্রাক চুরি করে মালিকের ফোনে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে একটি চোর চক্র। রোববার (৭ জুন) ভোরে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে ট্রাকটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ট্রাক মালিক মেহেদী হাসান কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মেহেদী হাসান জানান, শনিবার রাতে গোলচত্বর এলাকায় মহাসড়কের পাশে ট্রাক রেখে তিনি ভেতরে ঘুমাচ্ছিলেন। ভোর সাড়ে চারটার দিকে উঠে পাশের বাড়িতে যান। সকাল আটটায় ফিরে এসে দেখেন ট্রাকটি নেই। আশপাশে খোঁজেও কোনো সন্ধান পাননি। এরপর বেলা বারোটার দিকে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ওপাশ থেকে জানানো হয়, ট্রাকটি তাদের হেফাজতে আছে এবং দুই ঘণ্টার মধ্যে বিকাশে ১ লাখ টাকা না পাঠালে ট্রাকের যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেওয়া হবে।
ভুক্তভোগী ট্রাক মালিক বলেন, দিনের বেলায় এত বড় একটি ট্রাক কীভাবে চুরি হয়ে গেল তা ভেবে পাচ্ছেন না। মুক্তিপণ দাবির ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ট্রাক উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।