নারায়ণগঞ্জে ছিনতাইয়ে ছুরিকাহত কিশোরের মৃত্যু, মামলা না নেওয়া এসআই ক্লোজড, থানা ঘেরাও

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১০:১০:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১০:১০:৫৬ পূর্বাহ্ন
 

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ১৮ বছর বয়সী মো. জোবায়ের কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার (৭ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সন্ধ্যায় তার মরদেহ বন্দরে পৌঁছালে ক্ষুব্ধ এলাকাবাসী লাশ নিয়ে বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ করে। এ ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগে এক পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) ক্লোজড করা হয়েছে।
 

পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, গত ৩ জুন বন্দরের এনায়েতনগর এলাকায় ছিনতাইকারীরা জোবায়েরকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে শেষপর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
 

পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা জোবায়ের বন্দরে ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কাজ করতেন এবং পাশাপাশি অটোরিকশাও চালাতেন।
 

ঘটনার পর নিহতের বাবা জাহাঙ্গীর থানায় মামলা দায়ের করতে গেলে মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশী টিপু জানান, থানায় গেলে অভিযুক্ত এসআই মাসুদ জোবায়েরের বাবার এক বন্ধুর কাছে ১০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না পেয়ে মামলা নেননি।
 

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, দায়িত্বে অবহেলার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই মাসুদ রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এলাকাবাসীকে যথাযথ ব্যবস্থার আশ্বাস দিলে তারা থানা ছেড়ে চলে যান। ওসি আরও জানান, ঘটনায় জড়িত একজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং মামলা না থাকায় তাকে অন্য একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]