চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বালুবোঝাই পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। প্রায় দেড় ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত যানটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনায় কোনো হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বালুভর্তি পিকআপ অবৈধ রেলক্রসিং দিয়ে সড়ক পার হওয়ার সময় রেললাইনের ওপর আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে এলে চালক ও তার সহকারী দ্রুত গাড়ি থেকে নেমে যান।
পরে ট্রেনটি পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। দুর্ঘটনার পর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে নেওয়ার পর প্রায় দেড় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী রহিম উদ্দিন জানান, ট্রেন আসার বিষয়টি পিকআপ চালককে সতর্ক করা হলেও তিনি গাড়ি রেললাইনের ওপর তুলে দেন। এতে গাড়িটি আটকে গিয়ে দুর্ঘটনা ঘটে।
পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রী সাজ্জাদ হোসেন বলেন, জোরারগঞ্জ এলাকায় পৌঁছানোর পর একটি বিকট শব্দ শুনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেন থামলে যাত্রীরা নিচে নেমে পরিস্থিতি দেখতে শুরু করেন। তবে ট্রেনের কোনো যাত্রী আহত হননি।
চিনকি আস্তানা স্টেশনের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, ট্রেনের সঙ্গে পিকআপ আটকে থাকায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। উদ্ধার কাজ শেষে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক করা হয়েছে।