মায়ের কোলে থাকা ৭ মাসের ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা, অভিযুক্ত ইসরায়েলি সেনা

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৪:০৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৪:০৪:৫৫ অপরাহ্ন

অধিকৃত পশ্চিম তীরের ঐতিহাসিক শহর হেবরনে মায়ের কোলে থাকা সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুটি নিহত হয়েছে।
 

শুক্রবার (৫ জুন) টেল রুমেইদা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবার ও ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, একটি গাড়িতে গুলি চালানোর পর সাত মাস বয়সী স্যাম ফাহদ আবু হাইকাল গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির বাবা-মাও আহত হন।
 

শিশুটির বাবা ফাহদ আবু হাইকাল জানান, সেনাদের নির্দেশে তিনি গাড়ি থামিয়েছিলেন এবং দুই হাত স্টিয়ারিংয়ের ওপর রেখেছিলেন। এরপরও সেনারা গুলি চালায়। তার দাবি, একটি গুলি প্রথমে তার হাতে লাগে এবং পরে পেছনের সিটে মায়ের কোলে থাকা শিশুটিকে আঘাত করে। গাড়িতে তখন শিশুটির মা ও ১১ বছর বয়সী আরেক সন্তানও ছিল।
 

ফাহদ আবু হাইকাল বলেন, ঘটনাস্থলটি ছিল দিনের আলোয় পরিষ্কার দৃশ্যমান এবং গাড়ির ভেতরে একটি পরিবার অবস্থান করছিল। তাই ভুল বোঝাবুঝির কোনো সুযোগ ছিল না।
 

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রথমে ধারণা করেছিল গাড়িটি তাদের দিকে দ্রুত এগিয়ে আসছিল। সেই আশঙ্কা থেকেই গুলি চালানো হয়। তবে পরবর্তীতে সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে দেখা গেছে, আহত ব্যক্তিরা কোনো সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না।
 

আইডিএফ এক বিবৃতিতে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে এবং বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।
 

এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছে শিশুটির পরিবার। ফাহদ আবু হাইকাল বলেন, এই ঘটনার জন্য দায়ী সেনাসদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
 

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]