মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিi। তিনি বলেছেন, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য আর কোনো ‘নিরাপদ আশ্রয়স্থল’ থাকবে না এবং আঞ্চলিক শক্তিগুলোও ওয়াশিংটনের জন্য ‘ঢাল’ হিসেবে কাজ করবে না।
মঙ্গলবার (২৬ মে) নিজের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গত তিন মাস ধরে চলমান সংঘাত অবসানে সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলার মধ্যেই ইরানের পক্ষ থেকে এমন কড়া অবস্থান সামনে এলো। বিশ্লেষকদের মতে, আলোচনার টেবিলে চাপ বাড়াতেই এই বার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর গত মার্চে তার ছেলে মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন।
দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তিনি জনসম্মুখে আসেননি। কড়া নিরাপত্তা ও গোপনীয়তার মধ্য থেকে মূলত ডিজিটাল বার্তা ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও অবস্থান প্রকাশ করছেন বলে জানা গেছে।