যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসন এবং শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরান সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। মধ্যস্থতাকারী হিসেবে তিনি ইরানের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে বর্তমানে তেহরানের পথে রয়েছেন।
এর আগে, গত তিন দিন ধরে ইরানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে রুদ্ধদ্বার বৈঠক করে আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। এমন পরিস্থিতিতে আকস্মিকভাবে পাকিস্তান সেনাপ্রধানের তেহরান সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
বার্তা সংস্থা আল-জাজিরা জানিয়েছে, কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা এই সফরকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। একাংশের মতে, বেসামরিক পর্যায়ের আলোচনা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় জটিলতা নিরসনে পাকিস্তান সেনাপ্রধানকে সরাসরি হস্তক্ষেপ করতে হচ্ছে।
তবে অধিকাংশ সামরিক বিশ্লেষকের ধারণা, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং একটি সম্ভাব্য নিরাপত্তা ও শান্তি চুক্তির চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই জরুরি ভিত্তিতে তেহরান সফরে যাচ্ছেন জেনারেল আসিম মুনির।
ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর চলমান শান্তি প্রক্রিয়ার জন্য ইতিবাচক বার্তা বহন করছে। এর আগেও তেহরান সফরে তিনি ইরানের রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীর সঙ্গেও বৈঠক করেছিলেন।
এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি খসড়া চুক্তি ঘোষণার জোর আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানি সেনাপ্রধানের এই তেহরান সফরকে চুক্তি চূড়ান্ত করার শেষ ধাপ হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল।