নোয়াখালীর হাতিয়ায় সেনানিবাসে গরুর মাংস সরবরাহের পরিচয় ব্যবহার করে ৫২ লাখ টাকার গরু বাকিতে নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। পরে স্থানীয় গরু ব্যবসায়ীরা কৌশলে ডেকে এনে চক্রের দুই সদস্যকে আটক করেন এবং পরবর্তীতে পুলিশ তাদের হেফাজতে নেয়।
ঘটনার সঙ্গে জড়িত দুইজন হলেন মো. বেলাল হোসেন এবং মো. রিপন। এ ঘটনায় চক্রের মূলহোতা কামাল হোসেন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা নিজেদের ঢাকা সেনানিবাসে গরুর মাংস সরবরাহকারী হিসেবে পরিচয় দিয়ে হাতিয়া বাজারের গরু ব্যবসায়ীদের সঙ্গে আস্থা তৈরি করেন। প্রথমে অল্প পরিমাণ গরু ক্রয় করে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধের মাধ্যমে তারা বিশ্বাস অর্জন করেন। পরে কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে বড় অঙ্কের গরু বাকিতে নিয়ে চলে যান বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে প্রায় ৫২ লাখ ৫৭ হাজার টাকার গরু নিয়ে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বিষয়টি বুঝতে পেরে ব্যবসায়ীরা কৌশলে তাদের আবার বাজারে ডেকে আনেন এবং আটক করেন। আটকের পর তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২১ মে) হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।
মামলার বাদী মো. আবুল কালাম বলেন, শুরুতে ছোট লেনদেনের মাধ্যমে আস্থা তৈরি করে পরে বড় অঙ্কের গরু নিয়ে তারা প্রতারণা করেছে।
পুলিশ জানিয়েছে, মূলহোতা কামাল হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে আগেও একাধিক প্রতারণার মামলা রয়েছে।