‘রামিসার বাবা অমূলক কিছু বলেননি’, বিচার দ্রুত করার আশ্বাস আইনমন্ত্রীর

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০২:০৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০২:০৯:৩৮ অপরাহ্ন

দেশের বিচার ব্যবস্থা নিয়ে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবা যে ক্ষোভ প্রকাশ করেছেন, তা অমূলক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, “মাগুরার আছিয়া, ঢাকার রামিসা—এ ধরনের ঘটনা আমাদের মানুষত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই অমীমাংসিত থাকতে দেওয়া হবে না।”

তিনি জানান, আছিয়ার মামলায় এখনো ফাঁসি কার্যকর হয়নি। তবে ওই মামলায় সাত দিনের মধ্যে চার্জশিট এবং এক মাসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করা হয়েছিল। রামিসার বাবার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “তিনি অমূলক কিছু বলেননি। বিচার ব্যবস্থার মামলার জট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

মামলার গুরুত্ব বিবেচনায় দ্রুত পেপার বুক প্রস্তুতের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, “আছিয়া ও রামিসা হত্যার বিচার দ্রুত হবে বলে আশা করছি। বিচার প্রক্রিয়া দ্রুত করতে যা যা প্রয়োজন, সরকার তা করবে।”

আইনমন্ত্রী আরও জানান, পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচার দ্রুত সম্পন্ন করা গেলে রামিসার বাবার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে বিচার কার্যকর করা সুপ্রিম কোর্টের এখতিয়ার উল্লেখ করে তিনি বলেন, সরকার বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা সমাজের অবক্ষয়ের চিত্র তুলে ধরে। রাজনৈতিক বিবেচনায় কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এসব মামলার বিচার হবে। প্রসিকিউশন টিম মামলাটি ফাস্ট ট্র্যাকে নিতে কাজ করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে আট বছর বয়সী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়া তার বাবার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তিনি বিচার ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “আপনারা বিচার করতে পারবেন না। এর কোনো নজির নেই।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]