বনশ্রীর মাদরাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ: বলাৎকারের অভিযোগে গ্রেফতার ১

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০২:০০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০২:০০:১৫ অপরাহ্ন

রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদরাসা থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া শিক্ষার্থীর নাম শিহাব হোসেন। তাকে পাবনার বেড়া থানার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ মে রাতে বনশ্রীর সি-ব্লকে অবস্থিত ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’র শৌচাগার থেকে আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর সুরতহাল প্রতিবেদনে তদন্ত কর্মকর্তারা শিশুটির শরীরে অস্বাভাবিক যৌন নির্যাতনের আলামত দেখতে পান বলে জানিয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে মাদরাসা কর্তৃপক্ষ জানায়, গ্রেফতার শিহাব হোসেনের বিরুদ্ধে আগেও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অস্বাভাবিক যৌন আচরণের অভিযোগ ছিল।

পুলিশ আরও জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত শিহাব মাদরাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যায়। পরে অভিযান চালিয়ে রামপুরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]