চীনে টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যায় ২১ জনের মৃত্যু, ৮ প্রদেশে সর্বোচ্চ সতর্কতা ও ১৫ কোটি ইউয়ান বরাদ্দ

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০১:৪২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০১:৪২:৩০ অপরাহ্ন
চীনের দক্ষিণা-মধ্যাঞ্চলে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। যানবাহন চলাচল ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জিয়াংশি, আনহুই, হুনান, হুবেই, গুইঝৌ, গুয়াংশি, গুয়াংডং ও হাইনান প্রদেশের বিভিন্ন এলাকা ভূমিধস, হড়কা বান, শহরে ব্যাপক বন্যা ও জলাবদ্ধতাসহ বৃষ্টিজনিত বিপর্যয়ের উচ্চ ঝুঁকিতে আছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি দুর্যোগ ত্রাণ কার্যক্রমের জন্য ১৫ কোটি ইউয়ান (২ কোটি ২০ লাখ ডলার) বরাদ্দ দিয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় গুয়াংশিতে ভারি বৃষ্টির মধ্যে ১৫ কৃষিকর্মীকে বহনকারী একটি পিকআপ ট্রাক বন্যাকবলিত নদীতে পড়ে যাওয়ার পর ১০ জনের মৃত্যু হয়।

দক্ষিণপূর্বাঞ্চলের গুইঝৌতে ভারি বৃষ্টি ও বন্যার মধ্যে বিভিন্ন ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী হুনান প্রদেশ আরও চারজনের মৃত্যু হয়েছে। হুবেইয়ের নিম্নাঞ্চলীয় এক গ্রামে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, প্রদেশগুলোর বন্যাকবলিত অঞ্চলগুলোতে স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ রাখা হয়েছে আর হুবেই ও হুনানের কিছু অংশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]