সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির পর ১৫ কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৬:৫৪:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৬:৫৪:৪৩ পূর্বাহ্ন

‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ বিলুপ্ত হওয়ার পর ওই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন ও বিচার বিভাগ।

আলাদা এক অফিস আদেশে জানানো হয়েছে, এসব কর্মকর্তার আইন মন্ত্রণালয়ে যোগদানের তারিখ চলতি বছরের ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর ধরা হয়েছে। এর আগের দিন, অর্থাৎ ৯ এপ্রিল জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাসের মাধ্যমে সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করা হয়। পরদিন ১০ এপ্রিল এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৫ সদস্যকে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

সংযুক্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা ও জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। এছাড়া অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা বেগম শারমিন নিগার, মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী, রুহুল আমীন ও মো. হেমায়েত উদ্দিনকে সংযুক্ত কর্মকর্তা হিসেবে আইন ও বিচার বিভাগে নেওয়া হয়েছে।

একই সঙ্গে যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা মুন্‌সী আব্দুল মজিদ, মোহা. ইমদাদুল হক, বি এম তারিকুল কবীর ও মনজুর কাদেরকেও সংযুক্ত করা হয়েছে। এছাড়া উপসচিব পদমর্যাদার কর্মকর্তা মো. হারুন রেজা, মো. হাফিজুল ইসলাম, সুব্রত ঘোষ শুভ, বেগম মুহসিনা হোসেন তুষি, বেগম সাদিয়া আফরীন ও মো. আরমান হোসেনকেও বিভিন্ন পদে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। তবে গত ৯ এপ্রিল জাতীয় সংসদে বিরোধী দলের আপত্তি নাকচ করে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাস করা হলে সচিবালয়টি বিলুপ্ত হয়ে যায়। তারই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মূল মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হলো।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]