দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও সরকার উন্নতির দাবি করে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৯ মে) শরিয়তপুর উপজেলা হাসপাতালে হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে চিকিৎসকরা সঠিকভাবে সেবা দিতে পারবেন না। তিনি বলেন, কোনো ঘটনার কারণে আইন নিজের হাতে তুলে নেওয়া সভ্য সমাজের কাজ হতে পারে না। চিকিৎসায় অবহেলার অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু হামলা বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শরিয়তপুর হাসপাতালের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায়সঙ্গত কাজে সরকারকে সহযোগিতা করা হবে, তবে কোথাও অন্যায় হলে বিরোধী দল তার প্রতিবাদ করবে।
এ সময় তিনি আরও বলেন, বিগত শাসনামলে দেশের বিভিন্ন ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে এসে একটি সুষ্ঠু ও কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।