'ভিয়েতনাম ফাঁদে' পড়তে পারেন ট্রাম্প: ইরান যুদ্ধে মার্কিন কৌশল নিয়ে সাবেক দূতের সতর্কবার্তা

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০২:০৭:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০২:১৯:৩৩ অপরাহ্ন
 
 

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের কৌশল ও সাফল্যের মূল্যায়ন নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইরানবিষয়ক সাবেক মার্কিন বিশেষ দূত রব ম্যালি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এভাবেই যুদ্ধ পরিস্থিতি মূল্যায়ন করতে থাকেন, তাহলে তিনি 'ভিয়েতনাম ফাঁদে' পড়ে যেতে পারেন — যেখান থেকে বের হওয়া ক্রমশ কঠিন হয়ে উঠবে।
 

ম্যালির মতে, কতজন ইরানি নেতাকে হত্যা করা হয়েছে বা কতটি নৌযান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হয়েছে — এ ধরনের সামরিক পরিসংখ্যান দিয়ে এই যুদ্ধের সফলতা মাপা আসলে 'ভুল সূচক'। তিনি বলেন, এই সংঘাত ইতিমধ্যেই দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে এবং এর পেছনে রয়েছে মার্কিন পরিকল্পনার মৌলিক ত্রুটি। শুধু সামরিক সাফল্যের হিসাব দেখিয়ে এই সংকটের সমাধান করা সম্ভব নয় বলেও স্পষ্টভাবে জানান তিনি।
 

যুদ্ধ থেকে বের হওয়ার পথ প্রসঙ্গে ম্যালি বলেন, একমাত্র কার্যকর সমাধান হতে পারে এমন একটি সমঝোতা, যেখানে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরানের স্বার্থও যথাযথভাবে বিবেচনায় নেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সম্ভাব্য কোনো শান্তি চুক্তির ক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকদের চেয়ে মনোবিজ্ঞানীরাই হয়তো বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন, কারণ পুরো পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত মানসিকতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ওপর।
 

উল্লেখযোগ্য যে, ট্রাম্প বারবার দাবি করছেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে। কিন্তু পেন্টাগন নিজেই স্বীকার করেছে যে, কয়েক সপ্তাহের ধারাবাহিক বোমাবর্ষণের পরও ইরান আরও সংঘবদ্ধ ও শক্তিশালী হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের সামরিক ও কূটনৈতিক কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]