রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা, জাল নোট তৈরির মেশিন এবং একটি ল্যাপটপসহ মো. সজিব হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (১৯ মে) র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মোহাম্মদপুর থানার হাউজিং সোসাইটি এলাকার একটি বাসায় জাল টাকা তৈরির কার্যক্রম চলছিল— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সজিবের কাছ থেকে ১৮ হাজার ৯০০ টাকার জাল নোট, একটি ল্যাপটপ এবং জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব নিজেকে পেশাদার জাল টাকা প্রস্তুতকারক হিসেবে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি জাল নোট তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। ফেসবুকের মাধ্যমে বরিশালের চৌমাথা এলাকার এক ব্যক্তির কাছ থেকে জাল নোট প্রিন্টের পিডিএফ কপি সংগ্রহ করতেন বলেও তথ্য পাওয়া গেছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, সজিব সারা বছর জাল নোট বাজারজাত করলেও ঈদুল আজহাকে কেন্দ্র করে নগদ অর্থের লেনদেন বেড়ে যাওয়ায় এই সময়কে বেশি গুরুত্ব দেন। এরইমধ্যে চট্টগ্রাম ও সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ জাল নোট সরবরাহ করেছেন বলেও জানা গেছে।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের জাল নোট সরবরাহকারী ও ডিলারদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এর আগেও ২০২৪ সালে জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে র্যাব-২ তাকে মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেফতার করেছিল। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।