র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জন্য আলাদা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, নতুন আইনের আওতায় র্যাবের নামও পরিবর্তন হতে পারে।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রের জন্য একটি এলিট ফোর্স প্রয়োজন রয়েছে। সে কারণেই র্যাবের জন্য পৃথক আইন করা হচ্ছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, সরকার র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে না।
সংবাদ সম্মেলনে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। জানান, বর্তমানে মহাপরিকল্পনাটি মূলত বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন রোধকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তবে এতে পানি সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে তিস্তা মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টিও যুক্ত করা হয়। এজন্য প্রকল্পে সংশোধনী এনে পরে তা চূড়ান্ত করা হবে।