মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে ৮ মাসের শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাড়িতে প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ।
তিনি আরও জানান, রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় আসেন। পরে গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তদন্তে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার হওয়া মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।