আদর্শ ও নীতিগত মতভেদে এনসিপি ছাড়লেন সর্দার আমিরুল ইসলাম

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৯:৫০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৯:৫০:৪৪ অপরাহ্ন

নীতিগত ও আদর্শগত মতভেদের কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সর্দার আমিরুল ইসলাম। তিনি দলটির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। রোববার (১৭ মে) নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
 

সর্দার আমিরুল ইসলাম দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর গত বছরের মাঝামাঝিতে তরুণদের গড়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। পরে তাকে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।
 

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও রাজনৈতিক অবস্থানের প্রতি আস্থা রেখেই তিনি দলে যোগ দিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে দলের রাজনৈতিক কৌশল ও অবস্থান পরিবর্তন তার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে তিনি উল্লেখ করেন।
 

তিনি লেখেন, নির্বাচনের সময় একটি ডানপন্থী জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত তার রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করলেও শুরুতে তিনি বিষয়টিকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছিলেন। তবে পরবর্তী সময়েও দলে একই ধরনের রাজনৈতিক প্রবণতা লক্ষ্য করায় তিনি ধীরে ধীরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেন।
 

পোস্টে আরও উল্লেখ করা হয়, গত দুই মাস তিনি কার্যত রাজনৈতিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন এবং ইতোমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে সেটি গ্রহণ না করে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়।
 

তিনি অভিযোগ করেন, যে লক্ষ্য ও প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে মতপার্থক্য ক্রমাগত বাড়তে থাকায় দলের সঙ্গে থাকা তার পক্ষে আর সম্ভব হয়নি বলে তিনি জানান।
 

পদত্যাগের ঘোষণার শেষে তিনি দলের প্রতি শুভকামনা জানিয়ে রাজনৈতিক অধ্যায় শেষ করার ইঙ্গিত দেন।

 
 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]