পদ্মা ব্যারাজ তিস্তার বিকল্প নয়, মহাপরিকল্পনা বাস্তবায়ন চান জামায়াত আমির

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৫:৫০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৫:৫০:১৫ অপরাহ্ন
পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পদ্মা ব্যারাজের উদ্যোগকে অভিনন্দন জানাই কিন্তু তিস্তার বিনিময় নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে। অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় শুধী সমাবেশে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর ৫৫ বছরেও এ অঞ্চলের (উত্তরাঞ্চলের) মানুষ তাদের ন্যূনতম পাওনাটুকু সরকারের কাছ থেকে পায়নি।

তিনি বলেন, বাংলাদেশকে যদি ইকোনমিক ডেমোগ্রাফির দিক থেকে ভাগ করা হয়, তাহলে সবচেয়ে পিছিয়ে থাকা এলাকার নাম উত্তরবঙ্গ। ঢাকা থেকে যে জেলা যত দূরে, সে তত বেশি সুবিধাবঞ্চিত ও অধিকারবঞ্চিত। বিশেষ করে তিস্তা বেষ্টিত আপনাদের এই এলাকা।

উত্তরাঞ্চলের নদীভাঙন, পানি সংকট ও কৃষি দুর্ভোগের চিত্র তুলে ধরে বিরোধী দলীয় নেতা বলেন, নদীগুলো একসময় রহমত ছিল, কিন্তু এখন সেই নদীগুলো এখন মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর পলি ও বালু জমে নদীগুলো হয়ে গেছে মরুভূমি। বর্ষা মৌসুমের পানি ধারণ করার ক্ষমতা নেই। ফলে বর্ষায় নদী দুই পাড় ভেঙে যাচ্ছে। হাজার হাজার মানুষের ঘরবাড়ি ও স্বপ্ন বালুর সঙ্গে মিশে যাচ্ছে। আবার শুকনো মৌসুমে কৃষকরা ফসল ফলানোর প্রয়োজনীয় সেচের একফোঁটা পানি পায় না।

তিনি আরও বলেন, পানি শুধু ফসল ফলানোর জন্য নয়, আগামীতে সুপেয় পানির অভাবেও হাজার জাতের রোগবালাই দেখা দেবে। পানির আরেক নাম জীবন। এই জীবন শুধু মানুষের নয়, সমস্ত জীবকুলের জন্য।

‘সে জন্যই তিস্তাপাড় ও তিন নদীপাড়ের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলছি’ বলেন জামায়াত আমির।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]