ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহুদেশীয় কূটনৈতিক সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করেছেন। সফরের প্রথম দিনেই দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান–এর সঙ্গে বৈঠক করে জ্বালানি, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি সই করেছে দুই দেশ।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানিয়েছে, শুক্রবার দুপুরে আবুধাবিতে পৌঁছালে মোদিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান আমিরাতের প্রেসিডেন্ট। পরে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জ্বালানি নিরাপত্তা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এ সময় ভারতের Indian Strategic Petroleum Reserves Limited এবং আমিরাতের Abu Dhabi National Oil Company–এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়। এর আওতায় ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে আমিরাতের অংশগ্রহণ ৩০ মিলিয়ন ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া অপরিশোধিত তেল, এলএনজি ও এলপিজি সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুই দেশ একমত হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও হরমুজ প্রণালিকেন্দ্রিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এসব চুক্তিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সফরে ভারতের অবকাঠামো ও আর্থিক খাতে ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে আমিরাতভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে Emirates NBD ভারতের আরবিএল ব্যাংকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। পাশাপাশি Abu Dhabi Investment Authority ভারতের অবকাঠামো খাতে ১ বিলিয়ন ডলার এবং International Holding Company ভারতের সম্মান ক্যাপিটালে আরও ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
এদিকে সফরে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব কাঠামোও স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় উন্নত প্রযুক্তি, যৌথ সামরিক প্রশিক্ষণ, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও তথ্য বিনিময় সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ।
প্রতিরক্ষা ছাড়াও অবকাঠামো উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে ভারতের গুজরাটের ভাদিনারে জাহাজ মেরামত ক্লাস্টার গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে আমিরাত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সংকট, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে পাঁচ দেশের নেতাদের সঙ্গে আলোচনা করতেই মোদির এ সফর আয়োজন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সফরের পর তিনি নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও ইতালি সফর করবেন।