২০৩০ সালের মধ্যে অন্তত ২ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
বুধবার (১৩ মে) সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে ৬০০ কিলোওয়াট পিক সক্ষমতার ‘অন-গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম’ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সৌরবিদ্যুতের আওতায় আনা হলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে সচেতনতা তৈরি হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবেও উল্লেখ করেন তিনি।