অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানকালে হামলা, ইউএনও ওসিসহ আহত ১৫

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১২:৩২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০১:১৯:৫২ অপরাহ্ন
খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানকালে ভ্রাম্যমান আদালতের ওপর গ্রামবাসীর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসরা গুলি ও রাবার বুলেট ছুড়েছে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ও থানার ওসি মো. নাজির আলমসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
 
গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইউএনওর নিরাপত্তায় নিয়োজিত চার আনসার সদস্য এপিসি মো. সালাহ উদ্দিন (৩৮), নুর মোহাম্মদ (২৫), নুর মোহাম্মদ (৩৩) ও খোরশেদ আলম (৩৭)। এছাড়া ইউএনওর অফিসের স্টাফ আব্দুল ওহাব জুয়েল (৩০), ড্রাইভার কামাল উদ্দিন (৪০), উপজেলা পরিষদের স্টাফ হারুন (৪৫), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস স্টাফ জয়নাল আবেদীন (৪২), পৌরসভার স্টাফ সিহাব উদ্দিন (২৬), গ্রামের বাসিন্দা নুর হোসেন (১৯), সুমন ত্রিপুরা (২২), আজাদ (২৫) ও আবুল হাসান (৩০)। গ্রামের ৪ জন রাবার বুলেটে আহত হয়েছেন। আহতরা সকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
 
 
ইউএনও কাজী শামীম জানান, গোপন সংবাদে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে রামগড় ইউনিয়নের পূর্ববলিপাড়া ও দক্ষিণ লামকপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় কতিপয় লোক অভিযান পারিচালনায় অংশগ্রহণকারীদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তারা এক–দেড়শ লোক জড়ো হয়ে ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে তিনি নিজেসহ ১১ জন আহত হন। ইউএনও বলেন, ওই এলাকায় প্রায় ১০টি স্পটে পাম্প মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়।
 
রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, শতাধিক নারী ও পুরুষ একত্রিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও আনসার সদস্যরা পাঁচ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]