হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১০:৩১:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১০:৩১:২৪ অপরাহ্ন

হবিগঞ্জে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে জব্দ করা রেণু পোনাগুলো মৎস্য বিভাগের তত্ত্বাবধানে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়। মঙ্গলবার (১২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন মহাসড়কে কৌশলগত অবস্থান নেয়। সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে পরিচালিত ওই অভিযানে সন্দেহজনক দুটি মাইক্রোবাস ও একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।
 

তল্লাশির সময় যানবাহনগুলোর ককপিটে রাখা কার্টনের ভেতর অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বিজিবি জানায়, এসব রেণু পোনা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল।
 

পরে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দ করা রেণু পোনাগুলো খোয়াই নদীতে অবমুক্ত করা হয়, যাতে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মো. তানজিলুর রহমান।
 

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকে চোরাচালানবিরোধী সচেতনতা তৈরিতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

 
 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]