বাসাবাড়ি থেকে নির্ধারিত মাসিক ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় করলে বা নিয়মিত ময়লা না সরালে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সোমবার (১১ মে) নগর ভবন অডিটরিয়ামে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর (পিসিএসপি) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
সভায় প্রশাসক জানান, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ আদায় করছে এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন সংগ্রহ করছে না। তিনি স্পষ্ট করে বলেন, প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে সর্বোচ্চ ১০০ টাকা এবং অবশ্যই নির্ধারিত রশিদের মাধ্যমে আদায় করতে হবে। অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিশেষ নির্দেশনা দিয়ে প্রশাসক জানান, কোরবানির ঈদের তিন দিন কোনো পরিচ্ছন্নতাকর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড সম্পূর্ণ বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত সবাইকে মাঠে থেকে দায়িত্ব পালন করতে হবে। পিসিএসপি ঠিকাদারদেরও সরাসরি মাঠে উপস্থিত থেকে পর্যাপ্ত ভ্যান ও জনবল নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া রাস্তা, ড্রেন বা খালে ময়লা ফেলার বিষয়ে কঠোর অবস্থান নিয়ে প্রশাসক জানান, নির্ধারিত স্থানের বাইরে বর্জ্য ফেললে সংশ্লিষ্ট বাসার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। 'দিনের বর্জ্য দিনেই অপসারণ' নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু একটি সেবা নয়, এটি একটি মানবিক ও সামাজিক দায়িত্ব।