পাপাচারই বরকত হারানোর কারণ: মসজিদে নববীর জুমার খুতবায় শায়খ আল হুজায়ফির সতর্কবার্তা

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৮:১৩:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৮:১৩:২১ পূর্বাহ্ন
 

মানুষের পাপাচার ও অবিচারই জীবন থেকে বরকত ও প্রশান্তি হারিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ — শুক্রবার (৮ মে) পবিত্র মদিনার মসজিদে নববীতে জুমার খুতবায় এই সতর্কবার্তা দিয়েছেন মসজিদের ইমাম ও খতিব শায়খ আলী আল হুজায়ফি।
 

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা যায়, খুতবায় শায়খ আল হুজায়ফি বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা ইমানের অবিচ্ছেদ্য অংশ এবং সঠিকভাবে ইবাদত পালনের পূর্বশর্ত। জীবনের নিরাপত্তা ও মানসিক প্রশান্তি না থাকলে মানুষ যথাযথভাবে ইবাদত তো দূরের কথা, স্বাভাবিক জীবনযাপনও করতে পারে না। ইসলামি শরিয়ত মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
 

খুতবায় শায়খ আল হুজায়ফি আরও বলেন, আল্লাহর নেয়ামত ধরে রাখতে হলে তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা অপরিহার্য। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি স্মরণ করিয়ে দেন, মানুষের ওপর যে বিপদ আসে তা মূলত তাদের নিজেদের কৃতকর্মেরই পরিণতি। পবিত্র মক্কা ও মদিনার বিশেষ মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ তাআলা এই ভূমিকে নিরাপদ করেছেন এবং এখানে আগত হজযাত্রী ও জিয়ারতকারীদের হৃদয়ে বিশেষ প্রশান্তি দান করেন, যা তাদের একাগ্রচিত্তে ইবাদত করতে সহায়তা করে।
 

খুতবার শেষাংশে হজযাত্রীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, পবিত্র ভূমিতে ঝগড়া-বিবাদ ও বিশৃঙ্খলা পরিহার করে বেশি বেশি ইবাদত, জিকির ও দোয়ায় সময় কাটানোই একজন মুমিনের কর্তব্য। সার্বিকভাবে মুসল্লিদের উদ্দেশে গুনাহ থেকে বিরত থাকা, নেক আমল বৃদ্ধি করা এবং মানুষের অধিকার রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]