অ্যামোনিয়া সংকট কাটিয়ে ফের উৎপাদনে ডিএপি সার কারখানা

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১১:০১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১১:০১:৩৬ অপরাহ্ন

অ্যামোনিয়া সংকট কাটিয়ে পুনরায় উৎপাদন শুরু করেছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। সংশ্লিষ্টরা বলছেন, কারখানাটি চালু হওয়ায় দেশে সার উৎপাদন ও সরবরাহ পরিস্থিতিতে স্বস্তি ফিরতে পারে।
 

শনিবার (৯ মে) বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কারখানাটিতে আবারও উৎপাদন কার্যক্রম শুরু হয়। এর আগে এক দিন আগে উৎপাদনে ফিরে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), যা ডিএপিএফসিএলের জন্য অ্যামোনিয়া সরবরাহ করে থাকে।
 

ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক জানান, গত ২ মে কাফকোতে উৎপাদন স্বাভাবিক হওয়ার পর থেকে ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুনরায় শুরু হয়। পরবর্তী কয়েকদিন প্রয়োজনীয় মজুত ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করার পর শনিবার থেকে কারখানাটি উৎপাদনে ফেরে।
 

তিনি বলেন, বর্তমানে কারখানাটি সচল থাকলে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ টন ইউরিয়া উৎপাদন করা সম্ভব হবে।
 

এর আগে অ্যামোনিয়ার ঘাটতির কারণে গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে দেশের সার সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
 

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) পরিচালিত ডিএপিএফসিএল ২০০৬ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। প্রতিষ্ঠানটি দেশের কৃষিখাতে প্রয়োজনীয় ডিএপি সার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]