ইউরোপীয় কাঠামোয় তুরস্ককে যথাযথ গুরুত্ব না দিলে ইউরোপ সংকট মোকাবেলায় আরও দুর্বল ও অসম্পূর্ণ হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইউরোপ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
শনিবার (৯ মে) তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এনসোশ্যালে প্রকাশিত বার্তায় এরদোয়ান বলেন, ইউরোপীয় ঐক্যের ভিত্তি হিসেবে বিবেচিত শ্যুমান ঘোষণা শুধু ইউরোপীয় ইউনিয়নের প্রতীক নয়, বরং শান্তি, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি অভিন্ন ভবিষ্যৎ গঠনের অঙ্গীকার।
তিনি উল্লেখ করেন, প্রায় ৭৬ বছর আগে যাত্রা শুরু করা ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জসহ নানা সংকটের মুখোমুখি। এসব পরিস্থিতি ইইউকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যভিত্তিক নীতি গ্রহণে বাধ্য করছে।
এরদোয়ানের ভাষায়, এই প্রেক্ষাপটে তুরস্ক ইউরোপীয় প্রক্রিয়ার একটি “অপরিহার্য ও অনস্বীকার্য” অংশ হিসেবে উঠে এসেছে। তিনি বলেন, পারস্পরিক দায়বদ্ধতা ও পূর্ণ সদস্যপদের লক্ষ্যকে সামনে রেখে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতি তুরস্কের প্রয়োজনের চেয়ে তুরস্কের প্রতি ইইউ’র প্রয়োজন বেশি। ভবিষ্যতে এই নির্ভরশীলতা আরও বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।
বার্তার শেষাংশে এরদোয়ান ইউরোপীয় জনগণ ও তুরস্কের নাগরিকদের ইউরোপ দিবসের শুভেচ্ছা জানান এবং অঞ্চলজুড়ে শান্তি, সমৃদ্ধি ও সংহতি কামনা করেন।
তুরস্ক দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের কারণে সদস্যপদ প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে স্থবির রয়েছে।