পদত্যাগ করবেন না কিয়ার স্টারমার

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১২:১১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১২:১১:৩৬ অপরাহ্ন
স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পরও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 
 
গতকাল শুক্রবার স্থানীয় নির্বাচনে ফল বিপর্যয়ের খবরে স্টারমার বলেন, আগামী সাধারণ নির্বাচনেও তিনিই দলের নেতৃত্ব দেবেন বলে আশা করছেন।
 
স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ‘ভীষণ কঠিন’ ফলের দায় স্বীকার করে স্টারমার বলেন, ‘আমি দায়িত্ব ছেড়ে দিয়ে দেশকে বিশৃঙ্খলার মুখে ঠেলে দেব না।’
 
স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্ট নির্বাচনেও লেবার পার্টি বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছে। 
 
স্টারমার বলেন, ‘ফলাফল খুবই কঠিন এবং এটি আড়াল করার কোনো সুযোগ নেই। আমরা সারা দেশে অনেক মেধাবী প্রতিনিধি হারিয়েছি। এটি কষ্টের এবং এর দায় আমি নিচ্ছি।’
 
দুই বছর আগে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে নিরঙ্কুশ জয় পাওয়া স্টারমারের জন্য এবারের নির্বাচন ছিল এক কঠিন অগ্নিপরীক্ষা।
 
জনমত জরিপের পূর্বাভাসকে সত্য প্রমাণ করে ভোট গণনার শুরুতেই লেবার পার্টির বিপর্যয়ের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ঘোষিত ১৩৬টি কাউন্সিলের মধ্যে ৪০টির ফল বিশ্লেষণে দেখা যায়, নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী দল ‘রিফর্ম ইউকে’ ইতোমধ্যে ৩৫০টিরও বেশি আসনে জয় নিশ্চিত করেছে। অন্যদিকে লেবার পার্টি হারিয়েছে ২৪০টির বেশি আসন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]